প্রভাতী
Poem: Prabhati
প্রভাতী
সুনন্দা সিনহা বসু
সবকিছু নিঃস্তব্ধ এখন।
বাতাস নিথর- নীরব পাখিরা।
দিগন্তে কখন একবিন্দু আবীরের ছোঁয়া লেগে গেছে
জানতে পারিনি।
ধীরে ধীরে গাছেদের মৃদু আলাপন
ভেসে আসে।
টুপটাপ ঝরে পরে দু‘একটি ফুল
ঘাসের উপরে।
নদীও ঘুমায় বুঝি
এসময়ে অপেক্ষায় থাকে।
ভেজা ঘাস নম্র সবুজ
বুক পেতে আছে -
কখন আসবে নেমে
সোনারঙ অবিশ্রাম ঢেউ
জাগবে আকাশ ,
মুকুল জাগবে আর
ভরে যাবে চারিদিক সুগন্ধি বাতাসে।
প্রভাত হল -
বিভাবরী নিয়েছে বিদায়-
এবার দিগন্ত জুড়ে
অনুপম বিভাবসু আবির ছড়ায়।

